বর্তমানে মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয় গঙ্গা গর্ভে। ফলে পঠন পাঠন বন্ধ হয়ে পড়েছে। শনিবার সেই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্কুল তৈরি করার একটি জায়গা পরিদর্শন করা হল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত সপ্তাহে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার অনুপনগর গ্রামে অবস্থিত পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয়টি গঙ্গা গর্ভে চলে যায়। ফলে স্কুল হারা হয়েছে ১৪০ জন পড়ুয়া। বন্ধ রয়েছে স্কুলের পঠন পাঠন। জানাজায়, এই গ্রামে একমাত্র বিদ্যালয় ছিল সেটা।তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে স্কুলের নামে এক বিঘা জমি দান করলেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় এবং অমল রায় নামে দুই ভাই।
শনিবার স্কুলের জন্য দান করা সেই জায়গা পরিদর্শন করতে জান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু। তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই স্কুল তৈরির কাজ শুরু করা হবে।
নতুন করে বিদ্যালয় ফিরে পাবে পড়ুয়ারা তাতে খুশি গ্রামবাসী থেকে শুরু করে খুদে স্কুল পড়ুয়ারা। পাশাপাশি স্কুলের শিক্ষকরাও তাদের খুশি প্রকাশ করেন।